আমার সংবাদ ডেস্ক
জুন ২৪, ২০২৬, ০১:৩৮ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা বিলুপ্ত করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ এ রিট আবেদন করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
রিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পূর্ণভাবে বাতিলের আবেদন জানানো হয়। আবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের উদ্দেশ্যে আইনটি প্রণয়ন করা হয়েছিল।
রিটকারীর দাবি, একাত্তরের যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের মাধ্যমে আইনটির মূল উদ্দেশ্য ও কার্যকারিতা শেষ হয়ে গেছে। ফলে বর্তমান প্রেক্ষাপটে আইনটি বহাল রাখার যৌক্তিকতা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, পরবর্তী সময়ে আইনটিতে একাধিক সংশোধনী আনা হলেও ট্রাইব্যুনাল বহাল থাকায় ভবিষ্যতে এর রাজনৈতিক অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
রিটে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এম জি