মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
জুন ২৬, ২০২৬, ১২:১৬ এএম
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে রাশিদা বেগম (৪২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাশিদা বেগম ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। বাঙ্গরা বাজার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম বিডিআর ও ইউপি সদস্য রহিম সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে রহিম সরকার গ্রুপের সদস্য মাওলা সরকারকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাশিদা বেগম ওই হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার তিনি নিজের পালিত গরুগুলো নিয়ে আসার জন্য এলাকায় যান। একটি পিকআপ ভ্যানে করে ৭টি গরু নিয়ে যাওয়ার সময় রহিম মেম্বার গ্রুপের সামাদ, রশিদ, শিরিনাসহ ১৫-২০ জনের একটি দল তাঁর গাড়ির গতিরোধ করে। এরপর গাড়ি থেকে নামিয়ে তাঁকে বেধড়ক পেটানো হয়। এ সময় মায়ের চিৎকারে তাঁর দুই মেয়ে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় গুরুতর আহত রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের মামা সালাউদ্দিন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার কারণেই আমার ভাগনিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর দুই মেয়ে মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জেএইচআর