আমার সংবাদ ডেস্ক
জুন ২৫, ২০২৬, ০৯:২৮ পিএম
নরসিংদীতে একটি কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপ করার অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।
আটক মোহাম্মদ আলী নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার একটি সেতুর ওপর থেকে মেঘনা নদীর শাখায় ফেলে দেওয়া হচ্ছে।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে। এরপর নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে ভিডিওতে দেখা খালি গায়ের ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে নাগরিয়াকান্দি এলাকা থেকে মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ।
ওসি এ আর এম মামুন জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এএন