এম এ মান্নান, চৌগাছা (যশোর)
জুন ২৬, ২০২৬, ০৬:৩৯ পিএম
যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক এক কিশোরও গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ৫ নম্বর চৌগাছা ইউনিয়নের চৌগাছা-ব্যাংদা সড়কের দীঘলসিংহা গ্রামের আমজাদ হোসেনের রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন বিশ্বাস (৭০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের নওদাগা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন রাস্তা পার হওয়ার সময় দীঘলসিংহা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম সজীব (১৬) চালিত একটি এফজেড ভার্সন-২ মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় জয়নাল আবেদীন ও মোটরসাইকেলচালক সজীব গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে জয়নাল আবেদীন বিশ্বাস মারা যান। আহত মোটরসাইকেলচালক সজীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এএন