মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
জুন ২৮, ২০২৬, ০৭:২৩ পিএম
রাঙ্গামাটি জেলায় ৮৫ হাজার ৮০৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
রোববার সকালে রাঙ্গামাটি শহরের মানিকছড়ি এলাকার মানিক লাল দেওয়ানের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যাচিং সাগর, স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য সহকারী খোকন চাকমা, স্বাস্থ্য সহকারী কিরণ ধর চাকমা, স্বাস্থ্য সহকারী তুষার দে এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ২৭০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে মোট ৮৫ হাজার ৮০৭ শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে রাঙ্গামাটির দুর্গম উপজেলাগুলোতে আগামী ১৫ দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। তিনি বলেন, ‘আমরা চাই কোনো শিশুই যেন এই কর্মসূচির বাইরে না থাকে। সে লক্ষ্যেই প্রতিটি এলাকায় স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১ হাজার ২৯৭টি কেন্দ্রে ২ হাজার ১৪ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য বিভাগের ২৮৫ জন কর্মীর মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এম জি