দিনাজপুর প্রতিনিধি
জুন ২৮, ২০২৬, ০৬:৫০ পিএম
তেঁভাগা আন্দোলনের অন্যতম নেতা হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লাহ, প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হাজী মোহাম্মদ দানেশ এবং তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিজিএস অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন হলের হল সুপার, প্রক্টর, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ জুন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর নামানুসারে ১৯৮৮ সালের ১১ নভেম্বর হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০২ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।
এম জি