ঝালকাঠি প্রতিনিধি
জুন ২৮, ২০২৬, ০৭:২৯ পিএম
তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময়ের লোডশেডিং, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, গ্রাহক হয়রানি এবং বিদ্যুৎ অফিসের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সেবায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গতকালও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। এছাড়া সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কয়েক দফায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় প্রচণ্ড গরমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, দৈনিক দূরযাত্রার সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি এবং উজ্জ্বল রহমান।
বক্তারা বলেন, কয়েক সপ্তাহ ধরে জেলাজুড়ে দিন-রাত ঘন ঘন লোডশেডিং চলছে। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সমস্যার মুখে পড়ছে।
তাদের অভিযোগ, বিদ্যুৎ সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি, প্রশাসনিক অনিয়ম এবং ভূতুড়ে বিলের মতো সমস্যাও দীর্ঘদিন ধরে চলমান। এসব কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
মানববন্ধন থেকে দ্রুত ঘন ঘন লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুৎ অফিসের অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং গ্রাহকদের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এম জি