চুয়াডাঙ্গা প্রতিনিধি
জুলাই ১, ২০২৬, ০২:৪৬ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে তদারকি অভিযান চালিয়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর পৌর এলাকার চ্যাংখালী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (চলতি দায়িত্বে) মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে জীবননগর পৌর এলাকার চ্যাংখালী সড়কে কীটনাশক ও ভুসির দোকানে তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করে অবৈধভাবে পণ্য (তীর গমের ভুসি) তৈরি ও বাজারজাত করার অপরাধে ‘মেসার্স শাহীন ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী মো. সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ বা বীজ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এই ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কর্মকর্তা।
জেএইচআর