চুয়াডাঙ্গা প্রতিনিধি
জুলাই ১, ২০২৬, ০২:৫১ পিএম
চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থানের পাশ থেকে লাল কস্টেপ জড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে কবরস্থানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জান্নাতুল মাওলা কবরস্থানের পাশে লাল কস্টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবরস্থানের পাশ থেকে উদ্ধার হওয়া বস্তুটিতে লাল কস্টেপ জড়ানো ছিল, যা দেখতে হুবহু বোমার মতো। সেটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর