দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ১, ২০২৬, ০৩:০০ পিএম
পটুয়াখালীর দুমকিতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও আধুনিক কৃষি প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে ফল মেলা ও চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক ও অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।
‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ও জাতীয় ফল মেলা ২০২৬ আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার, বীজ এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর