আলী হাসান, জয়পুরহাট
জুলাই ২, ২০২৬, ০৫:০২ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের অন্য সব জেলার মতো জয়পুরহাটেও বৃহস্পতিবার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী একযোগে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের ৬৪টি জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের আনুষ্ঠানিক সূচনা হলো।
জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এবং এস এম তানভীর উল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, সরকার জাতীয় কবির সৃষ্টি, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলায় জেলায় এই আয়োজন উদ্যাপিত হবে।
জেএইচআর