আমার সংবাদ ডেস্ক
জুলাই ৩, ২০২৬, ০৬:৩৫ পিএম
বর্তমানে দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মানুষ স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজনের চেষ্টা করা গেলেও বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে সংগ্রাম করার ঐতিহ্য বহন করে। এ কারণে এই জাতিকে বিভক্ত করা সম্ভব নয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশা ও সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষও গুলিবিদ্ধ হয়েছেন এবং রক্ত দিয়েছেন। তাই দেশ গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এম জি