ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬, ০৩:৩৪ পিএম
দেশ-বিদেশের খ্যাতিমান ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ঝালকাঠি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে ঝালকাঠি সদর উপজেলা ফুটবল দল। জাতীয় পর্যায়ের পরিচিত খেলোয়াড় মিরাজুল, রাকিব, তপু, ইমন, ইয়াসিন, বেনজামিনসহ একাধিক ফুটবলারের নৈপুণ্যে ফাইনালে ঝালকাঠি সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
ফাইনাল ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা বনাম রাজাপুর উপজেলা ফুটবল দল অংশ নেয়।
পূর্বপ্রস্তুতি অনুযায়ী বেশ শক্তিশালী ও কৌশলী খেলোয়াড় নিয়ে মাঠে নামে ঝালকাঠি সদর উপজেলা দল। এই দলে জাতীয় পর্যায়ের খেলোয়াড় মিরাজুল, রাকিব, তপু, ইমন, ইয়াসিন, বেনজামিনসহ অনেকে মাঠে নামেন।
অপরদিকে রাজাপুর উপজেলা দলও ছিল বেশ শক্তিশালী ও কৌশলী।
প্রথমার্ধ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে অল্প সময়ের ব্যবধানে দুটি গোল করে ঝালকাঠি সদর উপজেলা দল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে তারা।
খেলা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, এ আনন্দ শুধু খেলোয়াড়দের নয়, পুরো ঝালকাঠিবাসীর। শিগগিরই আরও বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়ে তিনি বলেন, বিকেলে প্রতিটি স্কুল-কলেজের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন। ঝালকাঠি থেকে জাতীয় পর্যায়ে অনেক প্রতিভাবান ফুটবলার উঠে এসেছে। ভবিষ্যতেও এখান থেকে আরও মিরাজ ও আব্দুল্লাহ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বিজয়ী দলের উপদেষ্টা বলেন, আমাদের আনন্দ অপরিসীম। আমাদের খেলোয়াড়রা যে ভালো খেলবে, সে বিষয়ে আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল। টানা তিন দিন মাঠে নেমে তারা অসাধারণ পরিশ্রম ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। তাঁর উদ্যোগের কারণেই আমরা ঝালকাঠিবাসীকে একটি উপভোগ্য ও মানসম্মত ফুটবল ম্যাচ উপহার দিতে পেরেছি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলার মানুষের প্রত্যাশার এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকারের ক্রীড়াবান্ধব পরিকল্পনার অংশ হিসেবে জেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল আয়োজন করা হয়েছে। তিনি আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণ খেলোয়াড়দের হাত ধরেই ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে এবং বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন ও মো. আহসান হাবিব, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ক্রীড়াপ্রেমী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলী হাসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপুসহ অনেকে।
এএন