আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১, ২০২৬, ১১:৪৫ এএম
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ও ট্রেইলারের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুটি যানবাহনেই আগুন ধরে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে দৌসা জেলার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে ছেড়ে আসা স্লিপার বাসটি দ্রুতগতিতে চলার সময় একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বাস ও ট্রেইলার দুটিতেই আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনে দাউদাউ করে পুড়ছে দুটি যানবাহন। এ সময় বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের আর্তচিৎকারে ঘটনাস্থল ভারী হয়ে ওঠে। কর্মকর্তাদের ভাষ্য, দুর্ঘটনার তীব্রতায় বাসের ওপরের তলার কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং অপর দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। আহতদের বেশির ভাগই নারী ও শিশু। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। পাশাপাশি অতিরিক্ত গতিও দুর্ঘটনার সম্ভাব্য একটি কারণ হিসেবে বিবেচনায় রাখা হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। স্থানীয়দের আরও অভিযোগ, বাসের লাগেজ অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে আহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এএন