বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬, ০৭:২৯ পিএম
কুমিল্লার বুড়িচং পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।
বুড়িচং পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে পৌরসভার প্রস্তাবিত মাস্টার প্ল্যান উপস্থাপন করেন নগর উন্নয়ন অধিদপ্তরের টিম লিডার ও পরিকল্পনাবিদ মো. নাজিম উদ্দিন। তিনি উপস্থাপনায় পৌর এলাকার পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশলসহ মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরেন।
প্রোগ্রামে উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এই সময় মাস্টার প্ল্যানের বিভিন্ন বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বুড়িচং পৌরসভাকে আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে এই মাস্টার প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী এবং সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বিরসহ সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেএইচআর