আমার সংবাদ ডেস্ক
জুলাই ৭, ২০২৬, ০৮:৫২ পিএম
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ঢাকাগামী ‘৮১৬ নম্বর পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি থামিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রবল বৃষ্টির পর রেললাইনের ওপর পানি উঠে গেলে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে রেলওয়ে কর্তৃপক্ষ পর্যটক এক্সপ্রেস ট্রেনটির যাত্রা আটকে দেয়।
রেলওয়ে সূত্র জানায়, রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর প্রকৌশল বিভাগ পুরো ট্র্যাক পরিদর্শন করবে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। ততক্ষণ পর্যন্ত ঢাকা ও কক্সবাজারগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
এদিকে পানি জমে ট্রেনটি দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী ট্রেনের ভেতরেই আটকা পড়ে অপেক্ষা করছেন বলে জানা গেছে।
পাহাড়তলী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ট্র্যাক নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।
জেএইচআর