বিনোদন ডেস্ক
জুলাই ৭, ২০২৬, ০৯:১৮ পিএম
কয়েক মাস আগে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনাচারের অভিযোগ তুলে হইচই ফেলে দেওয়া ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় মা হয়েছেন। চতুর্থ বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় মা হওয়ার এই খবরটি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
তবে তাঁরা পুত্র নাকি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন, তা এখনই প্রকাশ করতে চাননি সুস্মিতা ও শুভাশিস দম্পতি। সুস্মিতার বর্তমান স্বামী ব্যবসায়ী শুভাশিস দে ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, “মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। সোমবার সকালে সন্তানের জন্ম দিয়েছে সুস্মিতা। আগামী ৯ জুলাই হাসপাতাল থেকে ছুটি মিলবে। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পরই সবাইকে বিস্তারিত জানাব।”
গত বছর ১ জুলাই সুস্মিতার জন্মদিনে তাঁর তৎকালীন তৃতীয় স্বামী সব্যসাচী চক্রবর্তী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর চলতি বছরের ১৫ মার্চ ব্যবসায়ী শুভাশিস দে-র সঙ্গে চতুর্থবারের মতো পিঁড়িতে বসেন সুস্মিতা। তখন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ালেও তিনি তা স্বীকার করেননি। অবশেষে বিয়ের সাড়ে তিন মাসের মাথায় সন্তান প্রসবের মাধ্যমে সেই গুঞ্জনই সত্যি হলো।
বিয়ের অল্প দিনের মধ্যে মা হওয়ায় সুস্মিতা যেমন অনেকের শুভেচ্ছাবার্তা পাচ্ছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষ ও ট্রোলের শিকারও হচ্ছেন। নেটিজেনদের অনেকেই বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া এবং সন্তানের পিতৃপরিচয় নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করছেন।
এর আগে গত মার্চে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে সুস্মিতার কাদা-ছোড়াছুড়ি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নোংরা’ পর্যায়ে পৌঁছায়। সেই সময় সুস্মিতা অভিযোগ করেছিলেন, সব্যসাচী ও তাঁর পরিবার তাঁকে মানসিক নির্যাতন করত এবং সব্যসাচী তাঁকে ‘থ্রিসাম’ (একসঙ্গে তিনজনের যৌন সম্পর্ক) করার জন্য চাপ দিতেন।
বিগত দিনে মা হওয়ার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও আগের সংসারে সেই স্বপ্ন পূরণ হয়নি সুস্মিতার। ২০১৯ সালে একবার অন্তঃসত্ত্বা হলেও সেবার মৃত সন্তান প্রসব করেছিলেন তিনি। তবে চতুর্থ সংসারে এসে কাঙ্ক্ষিত মাতৃত্বের স্বাদ পেয়ে ভীষণ আনন্দিত এই অভিনেত্রী।
অনুভূতি প্রকাশ করে সুস্মিতা রায় বলেন, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে পথচলা শুরু হলো। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।
উল্লেখ্য, ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ‘কৃষ্ণকলি’-তে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন সুস্মিতা। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকেও তাঁর অভিনয় বেশ নজর কাড়ে।
জেএইচআর