দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬, ০৪:৩২ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ষায় কর্মহীন হয়ে পড়া ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
সোমবার সকালে উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসহায়তা তুলে দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি।
বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকার অনেক দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন। এর ফলে তাঁদের অনেকেই তীব্র খাদ্যসংকটে ভুগছেন। এমন উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মহীন ও অসহায় পরিবারগুলোর মাঝে এই জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত দায়িত্বের অংশ। ভবিষ্যতেও সীমান্তবর্তী অবহেলিত জনগণের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
জেএইচআর