আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুলাই ১৩, ২০২৬, ০৫:০২ পিএম
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক ড. মো. লতিফুল ইসলাম।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালক (প্রশাসন ও অর্থ) (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনরত ড. মো. লতিফুল ইসলামকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। ড. মো. লতিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন প্রশাসনিক ও গবেষণাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট দেশের মৎস্য খাতে নতুন নতুন গবেষণা, আধুনিক প্রযুক্তি উদ্ভাবন এবং সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে স্বাদুপানি ও সামুদ্রিক মৎস্যসম্পদ উন্নয়ন, চিংড়ি চাষ, বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষা নিয়ে প্রতিষ্ঠানটির নানামুখী গবেষণা জাতীয় পর্যায়ে বড় অবদান রেখে চলেছে।
জেএইচআর