এম এ মান্নান, চৌগাছা (যশোর)
জুলাই ১৩, ২০২৬, ০৪:৪৭ পিএম
যশোরের চৌগাছা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দেওয়া হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমনে প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা থানার তদন্ত (ওসি) আমিনুল ইসলাম সিকদার এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার।
এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, শাহজাদপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আক্কাচ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (টিআইও) মাজিদ, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি মাস্টার রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এ রহিম এবং ক্রীড়া সম্পাদক এম এ মান্নান। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, চৌগাছার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে পুলিশি টহল আরও জোরদার করা হবে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন শতভাগ কঠোর থাকবে। চৌগাছাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সভায় উপস্থিত সদস্যরা এলাকার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতামত তুলে ধরেন। তাঁরা অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং নিয়মিত টহল জোরদারে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেএইচআর