এম এ মান্নান, চৌগাছা (যশোর)
জুলাই ১৩, ২০২৬, ০৬:১৫ পিএম
যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (লবা) (৫৮) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার বল্লভপুর ইউনিয়নের মাধবপুরপাড়া গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম (লবা) দীর্ঘদিন ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম (লবা) দুপুরে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জারের বৈদ্যুতিক সংযোগ খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নিলেও হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি অত্যন্ত পরিশ্রমী ও সাদাসিধে মনের মানুষ ছিলেন।
পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। তাঁরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।
জেএইচআর