ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ১৩, ২০২৬, ০৬:৪৬ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

মোট তিন পর্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় পর্বে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষ পর্বে ইংরেজি, ফার্মেসি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সমন্বয়কারী, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড. আব্দুল আউয়াল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপরিচালক মো. সিরাজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের উপপরিচালক আব্দুস সালাম এবং আইসিটি সেলের উপপরিচালক ফরিদুজ্জামান।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের নয়, বরং নিজেকে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়।’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আউয়াল শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। সমাপনী বক্তব্যে রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘মিট দ্য ভিসি’ পর্ব। এতে বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে উপাচার্য সেগুলোর উত্তর দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের থিম সং-এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন। পরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেএইচআর

Link copied!