রায়হান জামান, কিশোরগঞ্জ
জুলাই ১৩, ২০২৬, ০৭:৪৯ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় এক চোর এবং চোরাই মাল কেনার অভিযোগে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার হোসেনপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হোসেনপুর পৌরসভার পশ্চিম দীপেশ্বর এলাকার স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশারফ এবং পৌর সদরের নতুন বাজার এলাকার ইলেকট্রনিক্স ব্যবসায়ী হলুদ মিয়া।
পুলিশ জানায়, গত মে মাস থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে পারভেজ মোশারফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে কৌশলে ১৭টি সিলিং ফ্যান চুরি করেন। পরে মসজিদ পরিচালনা কমিটির দায়ের করা মামলার তদন্তে নামে পুলিশ। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে অভিযুক্ত পারভেজকে শনাক্ত ও গ্রেপ্তার করেন।
আটকের পর পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন বাজারে হলুদ মিয়ার দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী হলুদ মিয়া চোরাই জানা সত্ত্বেও পারভেজের কাছ থেকে চারটি ফ্যান কেনার কথা স্বীকার করেন। এই ঘটনায় চোরাই মাল ক্রয়ের অপরাধে তাঁকেও গ্রেপ্তার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ফ্যানগুলো উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর