মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬, ০৪:০৯ পিএম
টাঙ্গাইলের মধুপুরে মাদকসেবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত তিনটার দিকে মধুপুর পৌরশহরের টেংরী গোরস্থানপাড়া এলাকায়।
আহতরা হলেন টেংরী গ্রামের মৃত সাধু ফকিরের ছেলে বাদশা ফকির (৫০) এবং একই এলাকার হাতেম আলীর ছেলে রতন মিয়া (২২)।
স্থানীয় বাসিন্দারা জানান, মধুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টেংরী গোরস্থান মোড়ের মৃত আমিনুল ইসলামের স্ত্রী মেরি এবং তার ছেলে শুভ, সৌরভ ও স্বাক্ষর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বুধবার (১৫ জুলাই) দুপুরে তাদের কাছ থেকে মাদক কিনতে আসা ধলপুর গ্রামের ফারুক আলম সরকার নামের এক যুবককে মাদকসহ আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে টেংরী এলাকার মাদক ব্যবসায়ীরা।
এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত তিনটার দিকে টেংরী গোরস্থান মোড় এলাকায় মৃত আমিনুল ইসলামের স্ত্রী মেরি, বাচ্চু মিয়া ও তার বোন নাহার হামলা চালায়। এ সময় তাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন বাদশা ফকির ও রতন মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মধুপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন (মুসা) জানান, টেংরী গ্রামে মেরি ও তার সন্তানরা নিয়মিত মাদক ব্যবসা পরিচালনা করছে। একাধিকবার তারা পুলিশের হাতে আটক হয়ে কারাভোগও করেছেন। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তারা চড়াও হয়ে থাকে।
স্থানীয় বাসিন্দা ও মধুপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন।
মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন বলেন, মধুপুরে মাদকের ভয়াল থাবায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মাদকমুক্ত, নিরাপদ মধুপুর গড়তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপসহীনভাবে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি হামলাকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএন