আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুলাই ২০, ২০২৬, ০৪:৫১ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোনাবাড়ি গ্রামের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। কোনাবাড়ী লোকদেও ব্রিজপাড় মোড় হতে গ্রামের ভেতর দিয়ে হজরত মাস্টারের বাড়ির সামনের পাকা রাস্তা পর্যন্ত বিস্তৃত এই কাঁচা সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই সড়কটি দিয়ে প্রতিদিন কোনাবাড়ী, হাসনই, বানরগাছি, গৌরিপুর, চাঁনপুর ও লোকদেওসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কাঁচা রাস্তার পাশাপাশি কোনাবাড়ী রাস্তার মাথায় অবস্থিত একটি জরাজীর্ণ ব্রিজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ব্রিজটির দুপাশে মাটি সরে গেছে এবং সাম্প্রতিক বৃষ্টির ফলে সেখানে কাদা জমে পিচ্ছিল হয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ। দু-একটি ভ্যান বা অটোরিকশা পার হতে গেলেও স্থানীয় লোকজনের সাহায্য নিতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী সোলায়মান হোসেন জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় বর্ষা মৌসুমে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি ও কাদা জমে যায়। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই সড়কটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দ্রুত যানবাহন চলাচল করতে না পারায় ভুক্তভোগীদের কষ্ট আরও বাড়ছে।
আরেক স্থানীয় ব্যবসায়ী শামছুল হক জানান, বেহাল সড়কের কারণে অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন প্রায়ই বিকল হয়ে যাচ্ছে। চালকরা এই রাস্তায় সহজে আসতে চান না। কৃষিপণ্য সময়মতো বাজারে নেওয়া যাচ্ছে না এবং স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সড়কটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কাদা আর জরাজীর্ণ ব্রিজের কারণে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ থমকে গেছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত এই এক কিলোমিটার কাঁচা রাস্তা ও জরাজীর্ণ ব্রিজটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেন, এই জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী কয়েক গ্রামের মানুষ।
জেএইচআর