কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬, ০৫:০১ পিএম
গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম)। গাজীপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা জুড়েই তাঁর কর্মদক্ষতার সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়।
রোববার সকাল সাড়ে ৮টায় গাজীপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
সম্মাননা প্রদানকালে পুলিশ সুপার জেলার সব থানার কর্মকর্তাদের জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল এবং জনগণের প্রতি মানবিক আচরণ বজায় রাখার তাগিদ দেন।
পুলিশ সূত্র জানায়, কালিয়াকৈর থানায় যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযান পরিচালনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ওসি মোহাম্মদ শহিদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে সকালে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশন) চৌধুরী ফেরদৌস জামিল।
জেএইচআর