আমার সংবাদ ডেস্ক
জুলাই ২১, ২০২৬, ১০:৩২ এএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লোহার একটি মই ব্যবহার করে বাড়ির ছাদে উঠছিলেন হাসিনা বেগম। ধারণা করা হচ্ছে, মইটি আগে থেকেই বিদ্যুৎস্পৃষ্ট ছিল। ছাদে ওঠার সময় তিনি বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করতে ছুটে যান তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার। তবে তাদের দুজনও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এএন