ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
প্রতিমন্ত্রী টুকু

আগের সরকারের বেড়িবাঁধ দুর্নীতির তদন্ত হবে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৬, ০৯:০০ পিএম

আগের সরকারের বেড়িবাঁধ দুর্নীতির তদন্ত হবে

যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে। একই সঙ্গে পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলার নলীন বাজারসংলগ্ন শাখারিয়া এলাকায় যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সে সময়ের বেড়িবাঁধ নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তার তদন্ত করা হবে। ভবিষ্যতে পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধে সরকার কাজ করছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত সড়ক রক্ষায় ইতোমধ্যে প্রায় ২৫ হাজারের বেশি জিও ব্যাগ এবং বড় আকারের টিউব জিও ব্যাগ ফেলা হয়েছে। এতে আপাতত নদীভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত একটি স্থায়ী প্রতিরক্ষা বেড়িবাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। সরকার সেই লক্ষ্যেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। পাশাপাশি নদীর স্বাভাবিক নাব্যতা বজায় রাখতে খাল ও নদী খননের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপথ ঠিক থাকলে ভাঙনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তিনি আরও বলেন, নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনীয় প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং নদীর নাব্যতা বৃদ্ধি করে মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. রেজাউল করিম এবং গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর তীব্র স্রোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এম জি

Link copied!