আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৪, ২০২৬, ০৯:২০ পিএম
বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশেও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টির এ ধরনের অপচেষ্টা সমাজ, রাষ্ট্র ও মানবতার জন্য ক্ষতিকর।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সমাজ ও মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অপতৎপরতা শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী কয়েকটি দেশেও দেখা যায়, যেখানে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীরা জাতি, ধর্ম ও মানবতার শত্রু। তাই এ ধরনের অপচেষ্টা রোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো অন্যের ধর্মীয় বিশ্বাসকে অসম্মান করেন না। সব ধর্মের অনুসারীরাই নিজ নিজ উপায়ে সর্বশক্তিমানের সান্নিধ্য লাভের চেষ্টা করেন এবং পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমের মধ্য দিয়েই প্রকৃত ধর্মচর্চা প্রতিষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, নিজের ধর্মীয় বিশ্বাসে অবিচল থেকে অন্য সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ, ভাষা কিংবা পাহাড়-সমতলের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন সরকার মেনে নেবে না। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীকে একটি অভিন্ন জাতীয় পরিচয়ের বন্ধনে আবদ্ধ করেছে।
অনুষ্ঠানে স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী মহারাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
এম জি