রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ২৭, ২০২৬, ০৪:৩৯ পিএম
রাজশাহী মহানগরীর পৃথক তিনটি মাদক মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাটাখালী থানায় ১৫ মার্চ ২০২৫ সালে দায়ের করা একটি মাদক মামলায় (মামলা নং-৩৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-২১ অনুযায়ী সাহাপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মো. তাওহিদ হোসেন টুটুলকে (৪৪) তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া, রাজপাড়া থানায় একই তারিখে দায়ের করা অপর একটি মাদক মামলায় (মামলা নং-২৭) বোয়ালিয়া থানার হেতেম খাঁ কলোনীপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে মো. হাসিবুল ইসলাম ওরফে হাসিবকে (২৬) তিন মাসের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, বোয়ালিয়া থানায় ১৩ জুলাই ২০২৫ সালে দায়ের করা একটি মাদক মামলায় (মামলা নং-৩০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক) ও সারণি-২১ অনুযায়ী হড়গ্রাম (বেহেরপাড়া পূর্বপাড়া) এলাকার মো. নওশাদের ছেলে মো. জনি ওরফে শাহিনকে (৩২) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরএমপি জানিয়েছে, মাদক-সংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান, সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএন