মিরাজ আহমেদ, মাগুরা
জুলাই ২৭, ২০২৬, ০৫:১৭ পিএম
মাগুরা শহরে অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পলাশ খানকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। সোমবার দুপুরে শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার পলাশ খান (৩৫) মাগুরা জেলার সীতারামপুর গ্রামের বাসিন্দা। তিনি ওলিয়ার রহমান খানের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পলাশ খানের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬-এর এক কর্মকর্তা জানান, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের কাছ থেকে পলাশ খানকে বুঝে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং আদালতের সাজা কার্যকরে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম জি