মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
জুলাই ২৭, ২০২৬, ০৮:২৮ পিএম
ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে জরুরি সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা, বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে তথ্য অফিসের প্রচার দলের মাধ্যমে এ কার্যক্রম চালানো হয়। মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে জনগণকে সচেতন করতে উপজেলার গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রচারণায় জানানো হয়, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পূর্ণ হাতা পোশাক পরিধান, মশারি ব্যবহার, মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এ সময় সাধারণ মানুষের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কাপ্তাই উপজেলা তথ্য অফিস জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রচার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম জি