মদন (নেত্রকোনা) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬, ০৯:৩২ পিএম
সরকারি গাড়ি ছেড়ে দুর্গম পথ পায়ে হেঁটে নেত্রকোনার মদন উপজেলার নদীভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।
সোমবার (২৭ জুলাই) বিকেলে তিনি উপজেলার মদন ইউনিয়নের ফেকনী গ্রামে গিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
স্থানীয়দের ভাষ্য, ফেকনী গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মগড়া নদীতে চলতি বর্ষায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভাঙনে ইতোমধ্যে কয়েকটি বসতভিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। নদী থেকে মাত্র ২০ থেকে ৩০ গজ দূরত্বে রয়েছে অর্ধশতাধিক পরিবারের বসতঘর ও ফসলি জমি। ফলে যেকোনো সময় এসব ঘরবাড়ি ও জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার প্রকৃত অবস্থা দেখতে ইউএনও নাদির হোসেন শামীম প্রথমে মোটরসাইকেলে এবং পরে প্রায় আধা কিলোমিটার কাদা-পানি মাড়িয়ে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ইউএনও নাদির হোসেন শামীম বলেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষায় প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী এস এম শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক সামসুল হক চ্যাম্পিয়ন, সাংবাদিক আঙ্গুর রহমান ভূঁইয়া, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম জি