মাশুক এলাহী, ইবি
জুলাই ২৭, ২০২৬, ০৯:২৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে আইন ও সংবিধি অনুযায়ী উপ-উপাচার্যের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউট্যাব, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, উপাচার্য মহোদয়ের সঙ্গে সমন্বয় করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।
এম জি