নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:৫৪ পিএম
দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে থাকা সবজির বাজারে অবশেষে শীতের স্বস্তিকর ছোঁয়া লেগেছে। রাজধানীর কাঁচাবাজারগুলোতে সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম এখন ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে। তবে সবজিতে স্বস্তি ফিরলেও মাছ ও মাংসের বাজার এখনো আগের মতোই চড়া রয়েছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, বর্তমানে বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি পিস মাঝারি ফুলকপি ২০-৩০ টাকা এবং বাঁধাকপি ৩০ টাকায় মিলছে। এছাড়া প্রতি কেজি বেগুন ৬০ টাকা, শিম ৫০ টাকা, মুলা ও শালগম ৪০ টাকা এবং নতুন আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ও কাঁচা মরিচ কিছুটা বাড়তি দামে কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সবজি বিক্রেতা শফিকুল ইসলাম জানান, শীতের মৌসুম হওয়ায় সরবরাহ প্রচুর, তাই দাম কমছে। তবে রোপণ মৌসুমে বৃষ্টির কারণে কিছু ক্ষয়ক্ষতি না হলে দাম আরও কম থাকতো।
এদিকে সাধারণ ক্রেতারা সবজির দাম কমাতে কিছুটা খুশি হলেও মাছের বাজারে এসে হিমশিম খাচ্ছেন। মাছ বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম বাড়ায় চাষের মাছের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া ২২০-২৫০ টাকা, রুই ৩২০-৩৫০ টাকা এবং পাঙাস ১৭০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা ও সোনালী ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস আগের মতোই প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় স্থিতিশীল রয়েছে।
ক্রেতাদের মতে, সবজির দাম কমলেও শীতের ভরা মৌসুমে তা আরও সস্তা হওয়া উচিত ছিল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য মাছের বর্তমান দাম এখনো বেশ কষ্টসাধ্য।
ইএইচ