আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৩৫ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলএনজি, অপরিশোধিত তেল চড়া দামে কেনার জন্য দাম সমন্বয় করা কঠিন হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দু’মাসের যোগান থাকলে স্পট মার্কেট থেকে ভর্তুকি দিয়ে কিনতে হতো না।
সোমবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২০২৭, বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে এমনটা জানান তিনি।
মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সার ও জ্বালানি খাতে সরকারের বাড়তি ব্যয় হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, জিটুজি চুক্তির আওতায় যে এলএনজি আমার স্পট মার্কেট থেকে ১০ ডলারে কিনতাম, এখন সেটি কিনতে হচ্ছে ২০ ডলারে। যে ক্রুড অয়েল ৫০-৬০ ডলারে কিনতাম, সেটি এখন কিনতে হচ্ছে ১১৬ ডলারে। যে সার আমরা ৪৫৬ ডলারে কিনতাম, সেটা ৮০০ ডলারে কিনতে হচ্ছে।
তিনি বলেন, দেশে কোনোকিছুর স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নেই। আজকে যদি আমাদের কাছে ২ মাস রাখার মতো এলএনজির মজুদ থাকত তাহলে ১০ ডলারের এলএনজি স্পট মার্কেট থেকে ২০ ডলারে কিনতে হতো না। পৃথিবীর প্রতিটি দেশে আমদানিনির্ভর প্রতিটি পণ্যের স্ট্রেটেজিক রিজার্ভ আছে, শুধুমাত্র বাংলাদেশে নেই। আগামী দিনে আমরা এসব বিষয়ে কাজ করার পাশাপাশি প্রক্রিয়াগুলো আরও সহজ করতে কাজ করব।
বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করায় আর্থিক চাপ তৈরি হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও সুফল মিলছে না। তবে, আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না।
এতে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আর উত্তেজনায় দেশের আমদানি-রফতানিনির্ভর ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ছে। উৎপাদন হোঁচট খাচ্ছে।
বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ এবং সর্বোচ্চ কর হার ২০ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন।
এম জি