আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬, ১১:১১ এএম
সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন পাবনা-১ ও ২ আসনের সীমানা নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করেছিল। পরবর্তীতে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ২৪ ডিসেম্বর সেই সীমানা পরিবর্তন করে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়। তবে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই সংশোধিত গেজেটের অংশবিশেষ স্থগিত করে আদেশ দেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছেন।
আপিল বিভাগের এই আদেশের ফলে নির্বাচন কমিশন সীমানায় যে পরিবর্তন এনেছিল, তা আপাতত স্থগিত হয়ে গেল। এর ফলে আসন দুটির নির্বাচনী কার্যক্রম ও ভোটগ্রহণ প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ল। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর এই দুই আসনে নির্বাচনের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেএইচআর