আমার সংবাদ ডেস্ক
মে ১৭, ২০২৬, ০৫:৫৫ পিএম
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনা ও পরবর্তী অগ্নিকাণ্ডে মাহমুদুল হাসান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী জেলার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। মাহমুদুল ২০২৩ সালে ডি-২ (স্টুডেন্ট) ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান এবং ডেজিন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন।
স্থানীয় সময় রোববার রাত আনুমানিক ২টা ১৪ মিনিটে ইয়ংইন শহরের চয়েনগু এলাকার নামসা-ইউপ অঞ্চলের একটি রাউন্ডঅ্যাবাউটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার রাউন্ডঅ্যাবাউট অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার কার্বে, পরে একটি গাছ এবং একটি বাসস্টপে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০টি উদ্ধার যান ও প্রায় ৬০ জন কর্মী নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১৪ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। পরে গাড়ির ভেতর থেকে মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর আগুনের তীব্রতায় তার দেহ গুরুতরভাবে দগ্ধ হয় বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটি বৈদ্যুতিক যান ছিল না। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এদিকে মাহমুদুল হাসানের মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করছেন।
এম জি