বিনোদন ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৬, ০৩:৫৮ পিএম
ভারতীয় বাউল সাধক শিল্পী কানাই দাস মারা গেছেন। ১৮ এপ্রিল সকালে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করে প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস তিনি যক্ষ্মা (টিবি)-তে আক্রান্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যাও তাঁর ছিল।
দৃষ্টিহীন হয়েও কানাই দাস বাউল বাউল সংগীত ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিবেদিত করেছিলেন। একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা ও আখড়ায় ঘুরে তিনি গেয়েছেন মানবতার গান, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’সহ বহু জনপ্রিয় গান।
তাঁর কণ্ঠে যেমন ছিল বেদনা ও মানবতার দর্শন, তেমনি ছিল আধ্যাত্মিক গভীরতা। দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তিনি বাউল গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন এবং ২০১৯ সালে ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। উইলিয়াম ডালরিম্পলের বই ‘নাইন লাইভস’ তাঁর জীবন ও গান নিয়ে অধ্যায় রয়েছে।
এম জি