আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫, ১০:১৬ পিএম
মধ্যপ্রাচ্যের আকাশে দেখা দিয়েছে হিজরি নববর্ষের সপ্তম মাস ‘রজব’-এর চাঁদ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পবিত্র এই মাসের অর্ধচন্দ্র দেখা যাওয়ায় বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর হৃদয়ে শুরু হয়েছে মহিমান্বিত রমজানের দীর্ঘ প্রতীক্ষা। রজব ও শা’বান মাসের পরেই আসবে সিয়াম সাধনার মাস রমজান।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানের হিসাবমতে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সেই হিসেবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতো চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
এদিকে বাংলাদেশে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও তারিখ নির্ধারণে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা নির্দিষ্ট টেলিফোন নম্বরে (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০) অথবা স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ইসলামি সংস্কৃতিতে রজব মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পবিত্র হিসেবে গণ্য। এই মাসের ২৬ তারিখ দিবাগত রাতটি মুসলিম বিশ্বের কাছে ‘শবে মেরাজ’ হিসেবে পরিচিত, যে রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের উপহার নিয়ে ফিরে আসেন। পবিত্র এই মাস শুরুর মধ্য দিয়েই মূলত রমজানের আধ্যাত্মিক প্রস্তুতি শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইএইচ