আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৬, ০৬:২৫ পিএম
ভারতে অবস্থানরত কথিত ‘অনুপ্রবেশকারী’ ইস্যু নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
সম্প্রতি এক জনসভায় তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন অবিলম্বে তাঁর নিজ দেশে ফেরত পাঠানো হয়।
মহারাষ্ট্রের এক রাজনৈতিক সমাবেশে ওয়াইসি বিজেপি সরকারের ‘বাংলাদেশি বিতাড়ন’ নীতির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি প্রায়ই মহারাষ্ট্র ও বিহারের সাধারণ বাংলাভাষী মানুষদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে হয়রানি করছে।
এ প্রসঙ্গে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, আপনারা মহারাষ্ট্রের মানুষকে বলছেন বাংলাদেশিদের তাড়িয়ে দিচ্ছেন। তাহলে দিল্লিতে বসে থাকা আপনার সেই ‘বোন’ শেখ হাসিনাকে কেন পাঠানো হচ্ছে না? তাকেও বাংলাদেশে পৌঁছে দিন।
সমাবেশে আসা সমর্থকদের উদ্দেশে ওয়াইসি বলেন, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সোচ্চার হতে হবে। এ সময় তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান তুললে উপস্থিত জনতা সম্মিলিতভাবে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে সমর্থন জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি দিল্লির একটি গোপন ও সুরক্ষিত স্থানে অবস্থান করছেন। ওয়াইসি শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন যে, সাধারণ দরিদ্র মানুষকে যদি অনুপ্রবেশকারী বলা হয়, তবে ক্ষমতাচ্যুত একজন নেত্রীকে কোন যুক্তিতে বছরের পর বছর আশ্রয় দিয়ে রাখা হয়েছে।
জেএইচআর