আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৬, ০২:৪৯ পিএম
থাইল্যান্ডে একটি নির্মাণাধীন মহাসড়কের ক্রেন ধসে অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের পার্শ্ববর্তী সামুত সাখন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এতে সড়কে চলন্ত দুটি গাড়িও চাপা পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট কর্নেল সিথিপর্ন কাসি জানান, একটি উঁচু মহাসড়ক নির্মাণের কাজ চলার সময় বিশালাকার ক্রেনটি হঠাৎ করে নিচের সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, একই সপ্তাহে থাইল্যান্ডে নির্মাণ প্রকল্পে এটি দ্বিতীয় বড় ও প্রাণঘাতী দুর্ঘটনা। এর মাত্র একদিন আগে গত বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নাখন রাতচাসিমা প্রদেশে একটি উচ্চ-গতির ট্রেন প্রকল্পের ক্রেন ধসে পড়ে। সেই ঘটনায় ট্রেনের লাইন বিচ্ছিন্ন হয়ে ৩২ জন যাত্রী নিহত এবং ৬৬ জন আহত হয়েছিলেন।
পরপর দুটি দুর্ঘটনার পর দেশটির নির্মাণ প্রকল্পগুলোর নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। উভয় ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।
জেএইচআর