আন্তর্জাতিক ডেস্ক
মে ৬, ২০২৬, ০২:৫১ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের কঠোর নজরদারির কারণে ভোটগ্রহণ প্রক্রিয়া তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত ছিল বলে দেখা গেলেও ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন করে সহিংসতার ঘটনা সামনে এসেছে।
এ পর্যন্ত ভোট পরবর্তী সংঘর্ষ ও হামলার ঘটনায় মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী এবং দু’জন তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গেছে।
মঙ্গলবার গভীর রাতে নিউটাউন এলাকায় বিজেপি কর্মী মধু মণ্ডলের মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে বেলেঘাটা এলাকায় নিজের বাড়ির সামনে উদ্ধার হয় তৃণমূল কংগ্রেস কর্মী ও বুথ এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়েকের মৃতদেহ।
অন্যদিকে, বীরভূম জেলার নানুরে তৃণমূল কর্মী আবির শেখ খুন হন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি হাওড়া জেলার উদয়নারায়ণপুরে যাদব বর নামের এক বিজেপি সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকায় দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এই ঘটনায় ন্যাজাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভরত প্রসূন পুরকায়েতের পায়ে গুলি লাগে। পাশাপাশি আরও দুই পুলিশ কর্মী-যার মধ্যে একজন নারী কনস্টেবল এবং কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফর দুই সদস্য আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ি এলাকায় একটি বাড়ির ভেতর থেকে দুষ্কৃতকারীরা গুলি চালায়, যার ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এম জি