আন্তর্জাতিক ডেস্ক
মে ১১, ২০২৬, ০১:২০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কখনো বলেননি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে; বরং তিনি বলেছেন, ইরান পরাজিত হয়েছে।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। তার ভাষায়, ‘তারা উন্মাদ। তাদের হাতে পারমাণবিক অস্ত্র গেলে তা ব্যবহার করার ঝুঁকি রয়েছে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, তিনি যদি ইরানের পারমাণবিক চুক্তি বাতিল না করতেন, তাহলে এতদিনে তেহরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। তার অভিযোগ, ইরান সেই অস্ত্র ইসরায়েল, মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের অন্য অঞ্চলগুলোতেও ব্যবহার করতে পারত।
ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র ছিল যা ইউরোপ পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলিনি অভিযান শেষ। আমি বলেছি তারা ব্যর্থ হয়েছে। প্রয়োজন হলে আমরা আরও দুই সপ্তাহ হামলা চালাতে পারি এবং নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারি।
তার দাবি, যুক্তরাষ্ট্রের নির্ধারিত লক্ষ্যগুলোর প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যে অর্জিত হয়েছে। তবে এখনো কিছু লক্ষ্য বাকি রয়েছে, যেগুলোতেও অভিযান চালানো হতে পারে।
সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব গ্রহণ না করে, তাহলে আবারও বোমা হামলা শুরু করা হবে।
সূত্র: বিবিসি
এম জি