আন্তর্জাতিক ডেস্ক
মে ১৭, ২০২৬, ১১:২৫ এএম
তিউনিসিয়া ও তুরস্কে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। দেশ দু’টি আগামী বুধবার, ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।
জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ হিসেবে শনিবার ১৬ মে তিউনিসিয়া জানায়, ওই দিন ছিল জিলকদ মাসের ২৯তম দিন। চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার ঘোষণা দেয়।
অন্যদিকে তুরস্কও সোমবার, ১৮ মে-কে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে নির্ধারণ করেছে। তবে দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ অধিকাংশ মুসলিম দেশে রোববার ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে দেশগুলোতে ঈদুল আজহার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।
এম জি