আন্তর্জাতিক ডেস্ক
মে ২৫, ২০২৬, ০১:০১ এএম
ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে দেশটির ‘পারমাণবিক হুমকি’ সম্পূর্ণভাবে দূর করার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই জানিয়েছেন নেতানিয়াহু নিজেই।
আলজাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, গত রাতে ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে। আলোচনায় তারা একমত হন যে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ভেঙে ফেলতে হবে এবং দেশটির মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে হবে।
নেতানিয়াহু বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। এ বিষয়ে তার অবস্থান এবং ট্রাম্পের নীতির মধ্যে কোনো পরিবর্তন নেই।
তিনি আরও জানান, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতিও পুনরায় সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লেবাননসহ যেকোনো হুমকির বিরুদ্ধে ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।
এম জি