আন্তর্জাতিক ডেস্ক
জুন ১২, ২০২৬, ১১:১৩ এএম
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সময়ের পরিবর্তে অনুষ্ঠানটি আরও পরে আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ জুন) তেহরানের মেয়র আলিরেজা জাকানি জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ইরান সরকার ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর এ আয়োজন করা হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে আলিরেজা জাকানি বলেন, শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়টি বিবেচনায় নিয়েই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে তেহরান কর্তৃপক্ষ জানিয়েছিল, এ অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে তারা আশা করছে।
১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় সাড়ে তিন দশক দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন।
সূত্র: জিও নিউজ
এম জি