স্পোর্টস ডেস্ক
জুন ১২, ২০২৬, ১১:৩৮ এএম
বিশ্বকাপ শুরুর মাত্র তিন দিন আগে বড় দুঃসংবাদ পেল জাপান জাতীয় দল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক ওয়াতারু এন্দো। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে তাৎক্ষণিক অবসরের ঘোষণাও দিয়েছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পান এন্দো। অস্ত্রোপচারের পর তিনি বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেলেও শেষ পর্যন্ত ফিট হয়ে উঠতে পারেননি। এর আগে কাওরু মিতোমা ও তাকুমি মিনামিনোর অনুপস্থিতিও নিশ্চিত হয়েছিল।
গত ৩১ মে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধের পর অস্বস্তি অনুভব করায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
আগামী রোববার আর্লিংটনে নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ ‘এফ’ এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। এন্দোর পরিবর্তে দলে নেওয়া হয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার শুতো মাচিনোকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে এন্দো বলেন, বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ থাকলেও অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। তিনি বিশ্বাস করেন, বর্তমান জাপান দল যেকোনো প্রতিকূলতা কাটিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম।
২০১৫ সালে অভিষেকের পর জাপানের হয়ে ৭৩ ম্যাচে ৪ গোল করেছেন এন্দো। কাতার বিশ্বকাপের পর মায়া ইয়োশিদার কাছ থেকে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এম জি