আন্তর্জাতিক ডেস্ক
জুন ২৯, ২০২৬, ১০:৩৫ এএম
বাংলাদেশের নিকটবর্তী ভারতের তিনটি অঞ্চলে সোমবার (২৯ জুন) ভোরে একের পর এক মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে পৃথক তিনটি ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।
এর মাত্র পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। এটির মাত্রা ছিল ৩ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে।
তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয় বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এর আগে, রোববার রাত ১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশেও ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ওই ভূমিকম্পের কেন্দ্রও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এছাড়া, সোমবার ভোরে মণিপুরের কাংপোকপি এলাকায় যে ভূমিকম্পটি হয়েছে, তার কাছাকাছি এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এএন