আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৪, ২০২৬, ১১:২১ এএম
ভারতে চলমান পরীক্ষা কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের মধ্যে গভীর রাতে ভিডিও বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় তাঁর দেওয়া প্রতিশ্রুতির পর ২৬ দিন পর অনশন ভেঙেছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ২ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন নরেন্দ্র মোদি। ভিডিও বার্তায় তিনি শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এটি কষ্টদায়ক। এই কেলেঙ্কারির বিরুদ্ধে আড়াই মাসে সরকারের তরফে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয়, তাই দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থাও করা হয়। ২২ লাখ পরীক্ষার্থী সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং ইতিমধ্যে ফলাফলও প্রকাশিত হয়েছে। এর ফলে অনেকেই খুশি, তবে সরকার এখনো সন্তুষ্ট নয়। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নির্দিষ্ট দপ্তর ফাস্ট ট্র্যাক আদালত সংক্রান্ত খসড়া জমা দিয়েছে। শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং তার পরে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
মোদির দাবি, সোমবার থেকে সংসদে যে অধিবেশন শুরু হবে, সেখানে ওই খসড়া বিল পাস করানোর চেষ্টা করা হবে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, প্রশ্নফাঁসের বিরুদ্ধে আগামীকাল মন্ত্রিসভায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মোদির এমন প্রতিশ্রুতির পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে বসেই অনশন প্রত্যাহার করেন ওয়াংচুক। ওই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো। এ ছাড়া হাসপাতালে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহ। অনশন প্রত্যাহারের পর ওয়াংচুককে উত্তরীয় পরিয়ে সম্মান জানান হাসপাতালে উপস্থিত বেশ কয়েকজন।
সোনম অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে সোনম ওয়াংচুকের চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে এবং দ্রুত তাঁর পুরোনো স্বাস্থ্য ও ওজন ফিরে পেতে সুস্থতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ একাধিক ইস্যু নিয়ে এই আন্দোলনের সূচনা হয়। আন্দোলনকারীদের মূল দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই দাবিতেই দেশের রাজধানীতে বিক্ষোভের সুর তোলে ককরোচ জনতা পার্টি (CJP)। তাতে শামিল হয় হাজার হাজার পরীক্ষার্থী ও পড়ুয়ারা। ওই আন্দোলনকে সমর্থন করে জুন মাসের ২৮ তারিখ থেকে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন সোনম ওয়াংচুক।
জেএইচআর